নিউজ ফোর সাইড ডেস্ক :: বলিউডের প্রখ্যাত কণ্ঠশিল্পী Alka Yagnik সম্প্রতি দেশের অন্যতম সম্মানজনক পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তবে সম্মান গ্রহণের অনুষ্ঠানে তাঁর উপস্থিতির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, মঞ্চে ওঠার সময় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না এবং নিরাপত্তারক্ষীদের সহায়তা নিতে হয়।
এরপর নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলে অলকা জানান, গত প্রায় দু'বছর ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে তিনি জনসমক্ষে খুব কমই এসেছেন। যদিও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, সেই কারণেই ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পদ্মভূষণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
৬০ বছর বয়সি এই শিল্পী জানান, ২০২৪ সালে একটি ভাইরাল সংক্রমণের পর তাঁর সেন্সরিনিউরাল হিয়ারিং লস (Sensorineural Hearing Loss) ধরা পড়ে। এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ বা শ্রবণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শ্রবণশক্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অসুস্থতার কারণে তিনি এখনও নতুন গানের রেকর্ডিং শুরু করতে পারেননি। সুরকারদের কাছ থেকে একাধিক প্রস্তাব এলেও শারীরিক অবস্থার কারণে সেগুলি আপাতত ফিরিয়ে দিতে হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ভাইরাল সংক্রমণের পর অনেক ক্ষেত্রেই এই ধরনের শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। এমনকি সাধারণ সর্দি-কাশির ভাইরাস থেকেও বিরল ক্ষেত্রে এই জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকদের পরামর্শ, হঠাৎ করে শুনতে সমস্যা শুরু হলে প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা না হলে স্থায়ীভাবে শ্রবণশক্তি হারানোর ঝুঁকি বেড়ে যেতে পারে।
নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অলকা ইয়াগনিক ভক্তদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহার বা অতিরিক্ত শব্দের মধ্যে থাকা এড়িয়ে চলতে। তাঁর কথায়, শ্রবণশক্তির সামান্য সমস্যাকেও অবহেলা করা উচিত নয়। সচেতনতা এবং সময়মতো চিকিৎসাই এই ধরনের রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।



No comments:
Post a Comment