এগরা, পূর্ব মেদিনীপুর: মানবিকতা ও দ্রুত পদক্ষেপের এক উজ্জ্বল নজির গড়ল এগরা বনদপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার অন্তর্গত এগরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুছন্দা নায়কের বাড়ি থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির দুটি ভাম বেড়াল বা গন্ধগোকুল উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ বাড়ির আশপাশে দুটি গন্ধগোকুল দেখতে পেয়ে আতঙ্কিত হলেও সচেতনতার পরিচয় দেন পরিবারের সদস্যরা। তাঁরা প্রাণীগুলিকে কোনোভাবে ক্ষতি না করে দ্রুত ফোনে এগরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে প্রাণী দুটিকে উদ্ধার করেন।
এই ঘটনায় এলাকার বাসিন্দারা বনদপ্তরের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, বনদপ্তরে খবর দিলেই দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়, ফলে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা ও আস্থা বাড়ছে।
এগরা বনদপ্তরের এক আধিকারিক জানান, এগরা মহকুমা জুড়ে প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৪০টি সাপ, ১০ থেকে ১২টি হনুমান এবং ৫ থেকে ৭টি অন্যান্য বিরল প্রজাতির বন্যপ্রাণ উদ্ধার করা হয়। পাশাপাশি অবৈধভাবে গাছ কাটা রোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং বন্যপ্রাণ পাচার বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, গন্ধগোকুল প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বিভিন্ন ফল খেয়ে বীজ ছড়িয়ে বনাঞ্চলের পুনর্জন্মে সাহায্য করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বনদপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



No comments:
Post a Comment