Breaking News

Translate

Friday, June 26, 2026

‘বিশ্বাসঘাতকদের কোনও ক্ষমা নেই’— বিদ্রোহীদের কড়া বার্তা মমতার, নাম না করে ঋতব্রতকে ‘বেইমান’ আক্রমণ

নিউজ ফোর সাইড :: রাজ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার আবহে বিদ্রোহী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে কড়া অবস্থান নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার রামমোহন লাইব্রেরিতে উত্তর কলকাতা তৃণমূলের কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নাম না করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ‘বিশ্বাসঘাতক’ ও ‘বেইমান’ বলে তীব্র আক্রমণ করেন।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা দলের ত্যাগ ও কর্মীদের রক্ত-ঘামের দামে জিতে আজ নিজেদের ও পরিবারের স্বার্থে অন্য দলে নাম লেখাচ্ছেন, তাঁদের কোনও ক্ষমা নেই। আগামী দিনে জনগণই তাঁদের কাছে কৈফিয়ত চাইবে।”

নাম উল্লেখ না করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা ভালো কাজ করেছিল, এটাকে বহিষ্কার করেছিল।”

একইসঙ্গে বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের একাংশকে দলে ফিরে আসার আহ্বানও জানান তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “কেউ কেউ নিজেকে ও পরিবারকে বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর মা অসুস্থ হলে তাকে দেখবেন না? যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। আর যাঁরা এই পথেই চলতে চান, তাঁরা শেষ পর্যন্ত না ঘর কা, না ঘাট কা হয়ে থাকবেন।”

সাম্প্রতিক সময়ে ভোটে বিপর্যয়ের পর দলীয় নেতাদের ভিন্ন সুর, সই জালিয়াতি বিতর্ক, নতুন তৃণমূল ব্লক গঠন এবং সাংসদ-বিধায়কদের একাংশের বিদ্রোহ—এই সব ঘটনার মধ্যে এতদিন নীরব থাকলেও এবার কর্মীদের সামনে সরাসরি কঠোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919