Breaking News

Translate

Wednesday, June 24, 2026

কাঁথির সুমনের হাতে উঠল প্রো কার্ড, আন্তর্জাতিক মঞ্চে এবার বাংলার গর্ব

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: অদম্য পরিশ্রম, কঠোর নিয়মানুবর্তিতা এবং নিজের প্রতি অটুট বিশ্বাস—এই তিনকে সঙ্গী করেই ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের কাঁথির যুবক সুমন দাস। ন্যাচারাল বডিবিল্ডিংয়ের মঞ্চে একের পর এক সাফল্য অর্জন করে তিনি শুধু ব্যক্তিগত স্বপ্নপূরণই করেননি, কাঁথির নামও জাতীয় স্তরে উজ্জ্বল করেছেন।


কাঁথি মহকুমার শেরপুর-তোরসিয়াবাড় এলাকার বাসিন্দা সুমন সম্প্রতি অনুষ্ঠিত Mr. East India Natural Bodybuilding Championship 2026-এ Men's Physique বিভাগে স্বর্ণপদক জয় করেন। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ২১ জুন অনুষ্ঠিত Mr. India Pro Qualifier প্রতিযোগিতায় আবারও স্বর্ণপদক জিতে অর্জন করেন বহু প্রতীক্ষিত Pro Card।

এই প্রো কার্ড অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার দরজা খুলে গেল তাঁর সামনে। জানা গিয়েছে, কাঁথি থেকে ন্যাচারাল বডিবিল্ডিংয়ে এই সম্মান অর্জনকারী তিনিই প্রথম প্রতিযোগী।

তবে এই সাফল্যের গল্প রাতারাতি তৈরি হয়নি। বহু বছরের কঠোর অনুশীলন, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ, মানসিক দৃঢ়তা এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার অদম্য চেষ্টা আজ তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর এই সাফল্যের পেছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে কোচ রাজু হালদারের।


এর আগেও ২০২৫ সালে Mr. Bengal Bodybuilding Competition-এর Men's Physique বিভাগে স্বর্ণপদক জিতে ‘মিস্টার বেঙ্গল’-এর সম্মান অর্জন করেছিলেন সুমন। ফলে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি এখন জাতীয় থেকে আন্তর্জাতিক মঞ্চের পথে।

শিক্ষাক্ষেত্রেও তিনি উজ্জ্বল। কাঁথির ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুমন পরে কলকাতার Netaji Subhash Engineering College থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সন্তানের এই অসাধারণ কৃতিত্বে আনন্দে আপ্লুত বাবা সুকান্ত কুমার দাস ও মা শ্রাবণী দাস। একইসঙ্গে গর্বিত গোটা কাঁথি ও পূর্ব মেদিনীপুরের মানুষ।

স্থানীয়দের কথায়, “সুযোগ সীমিত হতে পারে, কিন্তু স্বপ্নের কোনো সীমা নেই। পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়—সুমন দাস তার জীবন্ত উদাহরণ।”

এখন সকলের একটাই প্রত্যাশা—আন্তর্জাতিক মঞ্চে ভারতের জার্সি গায়ে আরও বড় সাফল্য এনে কাঁথি ও বাংলার নাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবেন সুমন দাস।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919