Breaking News

Translate

Monday, April 20, 2026

অক্ষয়ের আগে আস্থার জোয়ার! এক বছরে ১.৩৩ কোটির নজির গড়ল দিঘা জগন্নাথ মন্দির

নিউজ ফোর সাইড ডেস্ক :: অক্ষয় তৃতীয়ার পুণ্যক্ষণ ঘিরে দিঘার সমুদ্রতীরে যেন ভক্তির ঢেউ আছড়ে পড়ছে। সেই আবহেই এক বিরল নজির গড়ল দিঘা জগন্নাথ ধাম—উদ্বোধনের মাত্র এক বছরের মধ্যেই এখানে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ১.৩৩ কোটি।


২০২৫ সালের ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে যাত্রা শুরু হয় এই মন্দিরের। অল্প সময়েই এটি শুধু বাংলার নয়, আন্তর্জাতিক আধ্যাত্মিক মানচিত্রেও নিজের জায়গা করে নিয়েছে। মন্দির সূত্রে খবর, বিশ্বের ১৫০-টিরও বেশি দেশ থেকে ইসকন-এর ভক্তরা এখানে এসে প্রণাম জানিয়েছেন জগন্নাথদেবকে।


মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ইসকনের অন্যতম মুখ রাধারমন দাসের কথায়, “এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়—এটি মানুষের বিশ্বাস, ভক্তি ও ভগবান জগন্নাথের প্রতি অটুট আস্থার প্রতিফলন।” তাঁর মতে, দিঘা জগন্নাথ ধাম এখন এমন এক আধ্যাত্মিক মিলনক্ষেত্র, যেখানে ভৌগোলিক সীমা পেরিয়ে এক সুতোয় বাঁধা পড়ছেন মানুষ।

এই বিপুল ভিড় শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। দিঘার হোটেল ব্যবসা থেকে স্থানীয় ছোট দোকান—সব জায়গাতেই চাঙা হাওয়া। আন্তর্জাতিক পর্যটকদের আগমনে দিঘা ধীরে ধীরে এক নতুন পর্যটন হাবে পরিণত হচ্ছে।

এদিকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির চত্বরে চলছে জোরকদমে প্রস্তুতি। বিশেষ পুজো, যজ্ঞ, ধর্মীয় আচার—সব মিলিয়ে উৎসবের আমেজ তুঙ্গে। ১৯ এপ্রিল রাত থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবার থাকছে না।


ভক্তদের ঢল সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। পাশাপাশি এই শুভ লগ্নে গৌর-নিতাইয়ের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানও থাকছে, যা বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

সব মিলিয়ে, দিঘার সমুদ্রতীরে দাঁড়িয়ে দিঘা জগন্নাথ ধাম যেন লিখছে নতুন এক ইতিহাস—ভক্তি, বিশ্বাস আর আন্তর্জাতিক আকর্ষণের এক অনন্য অধ্যায়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919