Breaking News

Translate

Tuesday, April 28, 2026

বনমালীচট্টা হাইস্কুলে ডেঙ্গু সচেতনতা শিবির, সচেতনতার বার্তা ছাত্রদের মধ্যে

 নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলে মঙ্গলবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল মূল লক্ষ্য।


শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি, শিক্ষক অশোক বর্মন, সুমন দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। বাড়ি, স্কুল কিংবা আশেপাশের এলাকায় কোথাও জল জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করতে হবে, কারণ এডিস মশা মূলত পরিষ্কার জমা জলে বংশবিস্তার করে।


এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শিক্ষক অজয় কুমার গিরি শিবিরটি পরিচালনা করেন। তিনি ডেঙ্গুর বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করে জানান, এটি একটি ভাইরাসঘটিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু আক্রান্ত হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা এবং কখনও প্লেটলেট কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, অনেক সময় জ্বর কমে গেলেও রোগের ঝুঁকি থেকে যায়, তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা এবং সচেতনতা থাকলে ডেঙ্গু থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব।


এই শিবিরে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শিক্ষকরা সকলকে নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করার আহ্বান জানান। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে এলাকার মানুষও প্রশংসা করেছেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919