নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো টলিউড অভিনেতা রাহুলের। “ভোলে বাবা পার কারেগা” ধারাবাহিকের একটি দৃশ্য ধারণের সময় সমুদ্রে বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।
ঘটনার পরপরই শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সমুদ্র থেকে তার দেহ উদ্ধার করা হয়। দ্রুত দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং রাত প্রায় ১১টা নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাংলা বিনোদন জগতে। পরিবারের সদস্যরা কলকাতা থেকে তমলুকের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখযোগ্য বিষয়, দীঘার তৎকালীন লারিকা হোটেলে শুটিং করা “চিরদিনই তুমি যে আমার” ছবির মাধ্যমেই রাহুলের অভিনয় জীবনের উত্থান ঘটে। কর্মজীবনের সেই সূচনাস্থলের কাছেই তার জীবনের এমন করুণ পরিণতি যেন আরও আবেগঘন করে তুলেছে গোটা ঘটনাকে।
প্রিয় অভিনেতার শেষ দর্শন পেতে দীঘা মহকুমা হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য অনুরাগী, যাদের চোখে স্পষ্ট শোক ও বিস্ময়ের ছাপ।




No comments:
Post a Comment