নিউজ ফোর সাইড ডেস্ক :: দোল উৎসবকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার বাগপুরা গ্রামে অবস্থিত বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব-এ দেখা গেল উৎসবের জোয়ার। বাগপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৯তম বর্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব ঘিরে এলাকাবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। ভক্তিমূলক সঙ্গীত ও নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সন্ধ্যার পুরস্কার বিতরণী পর্ব। সেখানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। তিনি আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে ঐক্য, সম্প্রীতি ও মানবসেবার বার্তা।
দোল উৎসব উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা, ছদ্মবেশ প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা। শিশু ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের মতে, ধর্মীয় আয়োজনের পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
এছাড়াও এবছর ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। দেশাত্মবোধক পরিবেশনা ও আলোচনা সভার মাধ্যমে সেই ঐতিহাসিক সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন পাত্র, সহ-সভাপতি অরিজিৎ জানা, সম্পাদক তনুমন গায়েন, সহ-সম্পাদক রঘুনাথ দাস এবং কোষাধ্যক্ষ দুষ্মন্ত জানা সহ অন্যান্য সদস্যবৃন্দ। তাঁদের সক্রিয় সহযোগিতায় গোটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের এবারের দোল উৎসব হয়ে উঠল এক স্মরণীয় আয়োজন, যা এলাকাবাসীর মনে দীর্ঘদিন ধরে বিশেষ স্থান করে নেবে।





No comments:
Post a Comment