নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত গোপীনাথপুর বাজার সংলগ্ন এলাকায় রূপরেখা আর্ট একাডেমির বাৎসরিক অংকন পরীক্ষা এক অনন্য আয়োজনের সাক্ষী হয়ে থাকল । শুধুমাত্র পরীক্ষা নয়, বরং শিল্প ও সংস্কৃতির এক সম্মিলিত উৎসবে পরিণত হয় এই অনুষ্ঠান, যা নজর কেড়েছে স্থানীয় গ্রামবাসীদের।
এদিন প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংকন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশাপাশি আয়োজিত হয় একটি বৃহৎ আর্ট গ্যালারি, যেখানে প্রায় ৫০০টি ছবি ও বিভিন্ন হাতের কাজ প্রদর্শিত হয়। বাজারমুখী সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা এই মনোমুগ্ধকর প্রদর্শনী দেখতে ভিড় জমায়, ফলে গোটা এলাকা এক উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
শুধু আঁকাতেই সীমাবদ্ধ থাকেনি ছাত্রছাত্রীরা—তারা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনের মাধ্যমে নিজেদের বহুমুখী প্রতিভারও পরিচয় দেয়। সকাল থেকেই অংকন পরীক্ষা শুরু হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বক্তৃতা, আর্ট গ্যালারি প্রদর্শন, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর কর্মসূচি এগিয়ে চলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষক মনোরঞ্জন বেরা সহ ভবেশচন্দ্র ঘোড়াই, সুমিত ভৌমিক, রমাকান্ত মিশ্র, বন্দনা সিট পন্ডা, শক্তিপদ দাস, সুব্রত সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মফস্বল এলাকার বুকে এমন সুসংগঠিত শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট করবে এবং গ্রামীণ প্রতিভাকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




No comments:
Post a Comment