Breaking News

Translate

Sunday, March 15, 2026

সৈকতে সাজ সাজ রব, প্রস্তুতি তুঙ্গে ৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল

নিউজ ফোর সাইড ডেস্ক :: পর্যটন নগরী দিঘার সমুদ্রতটে আবারও বসতে চলেছে বিশ্বশিল্পের এক অনন্য আসর। আগামী ২৮ ও ২৯ মার্চ বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল ২০২৬’। উৎসবের দিন যতই এগিয়ে আসছে, ততই সমুদ্র সৈকতে বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। আন্তর্জাতিক মানের এই শিল্প উৎসবকে সফল করে তুলতে দিনরাত এক করে কাজ চালাচ্ছেন আয়োজকরা।


আগামী ২৮ মার্চ, শনিবার বিকেল ৩টায় ওল্ড দিঘার হোটেল সি-হক সংলগ্ন ঝাউবনে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থার সম্পাদক বিষ্ণু মাইতি জানান, দিঘার পর্যটনকে বিশ্বদরবারে আরও জনপ্রিয় করে তোলা এবং লোকসংস্কৃতির সঙ্গে আধুনিক শিল্পের মেলবন্ধন ঘটানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলাকালীন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন (কলকাতা)-এর মো. তারিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলার গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর জয়দীপ ভট্টাচার্য, মালদহের বিশিষ্ট শিল্পী অনুপম মন্ডল, কাঁথির অরুণ জানা এবং ওড়িশার উৎকল ইউনিভার্সিটি অফ কালচারের মাস্টার অফ ভিজ্যুয়াল আর্টস সিদ্ধার্থ শঙ্কর দে।


উৎসব উপলক্ষে দর্শকদের সুবিধার্থে সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে দুটি পৃথক জোন ও দুটি বিশেষ গ্যালারি। জোন-১ ওল্ড দিঘার ঝাউবন এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে শিল্পীদের জন্য থাকছে দুটি প্রদর্শনী কক্ষ— প্রথিতযশা শিল্পীদের জন্য ‘প্রফেশনাল আর্ট গ্যালারি (দ্য গ্র্যান্ড এক্সিবিশন)’ এবং নবীন শিল্পীদের জন্য ‘জুনিয়র আর্ট গ্যালারি’। এই জোনেই দেশ-বিদেশের প্রায় ১০০ জন শিল্পীর উপস্থিতিতে লাইভ পেইন্টিং, ভাস্কর্য, ইনস্টলেশন আর্ট ও স্যান্ড আর্ট প্রদর্শিত হবে। পাশাপাশি বাংলার লোকসংস্কৃতির আবহে অনুষ্ঠিত হবে বাউল গান ও সাঁওতালি নৃত্য পরিবেশনা।



অন্যদিকে জোন-২ তৈরি করা হয়েছে হোটেল সৈকতবাসের সামনে, যেখানে আয়োজন করা হয়েছে ‘ডান্স ও মিউজিক ফেস্টিভ্যাল’। এই মঞ্চে সুরের মূর্ছনা ছড়াবেন ব্যান্ড সুরজিৎ মিত্র ও গ্লোবাল ব্যান্ড (কলকাতা)। নৃত্য পরিবেশনায় থাকবে ‘নৃত্যঙ্গন সৌমি বোস গ্রুপ’। এছাড়াও একক নৃত্য পরিবেশনায় অংশ নেবেন নিশিকা দাস, শ্রেয়সী দাস, শ্রেয়া পাল, কস্তুরী প্রধান, রশ্মি পাহাল, ভাব্য প্রদোষ মোহান্তি ও দিশা দাস। সঙ্গীত পরিবেশন করবেন আজমিরা বেগম ও শঙ্খশুভ্র চ্যাটার্জি এবং গিটারে সঙ্গ দেবেন প্রসান্ত কুমার পাল।

উৎসবে অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বহু ভিজ্যুয়াল আর্টিস্ট ইতিমধ্যেই দিঘায় আসার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের শিল্পকর্মে সমুদ্রতট হয়ে উঠবে এক মুক্ত শিল্পগ্যালারি। বসন্তের শেষ প্রান্তে সমুদ্রের লোনা হাওয়ার সঙ্গে শিল্পের এই অনন্য মেলবন্ধন পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা করছেন আয়োজকরা।




No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919